ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গর্ভধারিণী মাকে হত্যাচেষ্টা, ছেলে-বউসহ আটক ৫

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
আগস্ট ৩১, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার সাঁথিয়া উপজেলায় অবর্ণনীয় এক অমানবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়—একজন বৃদ্ধা মাকে তার আপন ছেলে ও পুত্রবধূ নির্মমভাবে নির্যাতন করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি সামাজিক চাপ ও প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে অভিযুক্ত ছেলে, পুত্রবধূসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

ঘটনাটি ঘটে শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে সাঁথিয়া উপজেলার হাপানিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধা মা কাঞ্চন খাতুনের (৭৫) মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ছেলে নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক টিপু মিয়া (২৫) ও মিনার হোসেন (৩০), এবং শ্যালিকা মুর্শিদা খাতুনকে (২৮) আসামি করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়—প্রথমে পুত্রবধূ সোনালী খাতুন বৃদ্ধ শাশুড়িকে মাটিতে ফেলে নির্যাতন করছেন। এরপর নজরুল ইসলাম তার মাকে গলাটিপে ধরে হত্যার চেষ্টা চালান। একপর্যায়ে মাকে মাটিতে আছাড় মেরে লাথি দেন তিনি। এ সময় অসহায় মা চিৎকার করে কান্না করলেও উপস্থিত কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় ও সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। কমেন্টে অভিযুক্তদের “অমানুষ” আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা কিছুটা বাধা দিলে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের আটক করে।”

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “মানবতাবিরোধী এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”

এমন নির্মম ঘটনার পর সাঁথিয়া জুড়ে নিন্দার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেছেন—“গর্ভধারিণী মাকে নির্যাতনকারীদের আর মানুষ বলা যায় না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!