চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার তিনজনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন ছোট ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ঈশ্বরদীর তিনজন হলেন উপজেলার নতুনপাড়া এলাকার মো. মুন্না হাসান, মো. আসিফ হোসেন ও রতন আলী। অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার রাতে আম ব্যবসায়ী পরিচয়ে কয়েকজন ব্যক্তি রহনপুরের নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অবস্থান করছেন এবং তাঁদের কাছে অস্ত্র রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা যৌথ অভিযান চালান।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রহনপুর রেলস্টেশন-সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন ছোট ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া একটি তার কাটার যন্ত্র, লোহার রড, হাতুড়ি, হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলায় সক্রিয় একটি ডাকাত দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
