ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। এবার দেশ গড়ার পালা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমান জানান, জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে দায়িত্ব দিয়েছে। তাই দলের নেতা ও কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখতে হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে।
ঘোষিত ফলাফলের অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া শরিক দলের প্রার্থীরা আরও ৩টি আসন জয় করেছেন।
সংবাদ সম্মেলনের শেষে তারেক রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
