ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আমের মুকুলে গাছে গাছে সমারোহ, ভালো ফলনের আশা

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলার বিস্তীর্ণ আমবাগানে এখন মুকুলের সমারোহ। শীতের বিদায় ও বসন্তের আগমনে গাছে গাছে ফুটে ওঠা সোনালি-সবুজ মুকুলে ছেয়ে গেছে জনপদ। বাতাসে ভেসে বেড়াচ্ছে আম্রকুসুমের মিষ্টি ঘ্রাণ। নতুন মৌসুমে ভালো ফলনের প্রত্যাশায় আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয় চাষি ও বাগান মালিকরা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় সব আমগাছেই এসেছে প্রচুর মুকুল। অনুকূল আবহাওয়া, শীতের দীর্ঘস্থায়িত্ব এবং সময়মতো পরিচর্যার কারণে এ বছর মুকুলের পরিমাণ তুলনামূলক বেশি বলে জানিয়েছেন কৃষকরা। অনেক বাগানে গাছের ডাল নুইয়ে পড়েছে মুকুলের ভারে।

স্থানীয় চাষি নাজমুল হক বলেন, “গত বছরের তুলনায় এ বছর গাছে মুকুল বেশি এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে।” বাগান মালিক আব্দুল মান্নান জানান, নিয়মিত ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ এবং সময়মতো সেচ দেওয়ার ফলে গাছ সুস্থ রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জেলায় প্রায় ২,৬৫৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উপজেলা ভিত্তিক আবাদ চিত্র—পাবনা সদর ৬৪৫ হেক্টর, ইশ্বরদী ৪৫০, আটঘরিয়া ১৭০, চাটমোহর ৫০৯, ভাংগুড়া ৯০, ফরিদপুর ৪০, বেড়া ১৭০, সাঁথিয়া ১৩০ ও সুজানগর ৪৫০ হেক্টর।

জেলার প্রধান আমের জাতের মধ্যে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি। কৃষি কর্মকর্তারা জানান, মুকুলের সময় পাউডারি মিলডিউ ও হপার পোকার আক্রমণের ঝুঁকি থাকে। তাই চাষিদের নিয়মিত বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।”

সরকারিভাবে উৎপাদন লক্ষ্য এখনও ঘোষণা হয়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়া স্বাভাবিক থাকলে জেলায় ৬০ থেকে ৮০ হাজার টন আম উৎপাদন হতে পারে।

আমের মুকুলে ছেয়ে যাওয়া পাবনার প্রকৃতি এখন যেমন দৃষ্টিনন্দন, তেমনি কৃষক ও স্থানীয় অর্থনীতির জন্যও বয়ে আনছে আশার বার্তা।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!