ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা ২ হাজার টাকা

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ১, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

অন্তর্বর্তী সরকার বিদ্যমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আইনটি কার্যকর হয়েছে। সংশোধিত অধ্যাদেশে পাবলিক প্লেসে ধূমপান বা তামাক সেবনে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধের শাস্তিও কঠোর করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধ্যাদেশের মূল উদ্দেশ্য হলো জনগণকে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক আইন বাতিল করে একীভূত আইন প্রণয়ন করা এবং ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকোসহ উদীয়মান সব তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।

সংশোধিত অধ্যাদেশের গুরুত্বপূর্ণ বিধানসমূহ:
১. তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ: ই-সিগারেট, Heated Tobacco Product, নিকোটিন পাউচসহ সব নতুন পণ্য অন্তর্ভুক্ত।
২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা: সব পাবলিক স্থানে ধূমপান ও তামাক সেবন নিষিদ্ধ, লঙ্ঘনে জরিমানা ২,০০০ টাকা।
৩. বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ: সকল মিডিয়া ও বিক্রয়স্থলে তামাকের প্রচারণা ও প্রদর্শন বন্ধ।
৪. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে বিক্রয় নিষিদ্ধ: ১০০ মিটার ব্যাসার্ধে বিক্রয় করা যাবে না।
৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ: লঙ্ঘন করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা।
৬. কুম্ভি ও টেন্ডু পাতা বিড়ি নিষিদ্ধ: উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ।
৭. আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ: তামাকজাত দ্রব্যের সঙ্গে কোনো ক্ষতিকর পদার্থ মিশানো শাস্তিযোগ্য অপরাধ।
৮. স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক: প্যাকেটের ৭৫% জায়গায় ছবি ও সতর্কবাণী থাকা আবশ্যক।
৯. শাস্তি ও প্রয়োগ জোরদার: জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি, লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান এবং ফৌজদারি মামলা পরিচালনার নিয়ম সংযোজন।

 

এই সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে সরকার ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ কঠোর করে জনগণের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে চায়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!