আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে তাঁর সভাপতিত্বে বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তারা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মরহুম ইদ্রিস আলীর স্ত্রী বেগম সালেহা মনার পক্ষে তাঁর পরিবারের সদস্যরা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
