ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর উদ্যোগে আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
মে ২৭, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রথমবারের মতো নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলো আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। আর এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তুললেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, যিনি একই ট্রেনে যাত্রী হয়ে নিজ এলাকায় পৌঁছান।

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে চিলাহাটি এক্সপ্রেস আজিমনগর স্টেশনে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্টেশন চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় লালপুর উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

স্থানীয়দের ভাষ্য, আজিমনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসার লাভ করবে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন,“আজকের এই মুহূর্ত শুধু আমার জন্য নয়, পুরো এলাকার মানুষের জন্য আনন্দ ও গর্বের। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি শুরু হয়েছে। এটি উন্নয়ন ও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।”

তিনি আরও বলেন,“সরকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

প্রতিমন্ত্রীকে এক নজর দেখতে স্টেশন এলাকায় বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুরো এলাকা ছিল উৎসবের আমেজে মুখর।

উল্লেখ্য, আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে লালপুরবাসী এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের সময় ট্রেন থামানো ও স্টেশন ভাঙচুরের ঘটনায় মামলা ও কারাবাস পর্যন্ত করতে হয়েছে আন্দোলনকারীদের।

অবশেষে প্রতিমন্ত্রীর উদ্যোগে সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হলো। জানা গেছে, গত ৪ মার্চ প্রতিমন্ত্রীর পাঠানো এক পত্রের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় জনগণের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে ১৯ মে রেল মন্ত্রণালয় আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয়। পরে ২০ মে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ২৬ মে থেকে এই যাত্রাবিরতি কার্যকরের ঘোষণা দেয়।

স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!