ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের রোডম্যাপ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুব শিগগিরই এ সময়ের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে।

অর্থ ও পরিকল্না প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি রমজান মাসে জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম কমিশনসংক্রান্ত প্রস্তাব নিয়েও কাজ এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্ত থেকে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সক্রিয় থাকার কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সচিবদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!