বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হয় বেলা পৌনে ১১টার দিকে, যখন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এ সময় শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ গ্রহণ শেষে নতুন দায়িত্ব নিয়ে সরকার পরিচালনার প্রস্তুতি শুরু করতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। দেশের মানুষ এখন নতুন সরকারের কাছ থেকে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা প্রত্যাশা করছে।
