বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত অজস্র মানুষ জনস্রোত সৃষ্টি করে। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
জানাজার আগে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারো কাছে কোনো ঋণ থাকতো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি তা পরিশোধের ব্যবস্থা করব। এছাড়া, জীবদ্দশায় তাঁর কোনো আচরণ বা কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তবে তিনি তা ক্ষমা করবেন।”
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ।
