নাটোরের লালপুর উপজেলার একটি রেলব্রিজের নিচ থেকে আশিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) সকালে আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ী এলাকার ২১৩ নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহত আশিক উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মহাসিন আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশের একটি ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভোররাতে তার মৃত্যু হতে পারে।
ঈশ্বরদী রেলওয়ে থানা-র ওসি জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
