নাটোরের লালপুরে লতা খাতুন (২৭) নামের একজন গৃহিণীকে হত্যার দায়ে তার স্বামী সিরাজুল ইসলাম (৪১) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা সহ অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (২০আগস্ট) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
জানা যায়, ২০০৯ সালে সিরাজুল ইসলামের সঙ্গে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিরাজুল তার স্ত্রী লতাকে নির্যাতন করতেন। ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এঘটনার পরের দিন নিহত লতার বাবা হেলাল উদ্দিন লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের একপর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর নিহত লতার বাবা হেলাল উদ্দিন বাদি হয়ে লালপুর থানায় সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন।
এবিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকউটর আব্দুল কাদের মিয়া বলেন,দীর্ঘ ৪ বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেছেন।
