পাবনা নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি (এনডিডি) সেন্টারের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, পাবনা সদর উপজেলার বালিয়াহালট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, টেনিস বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, মার্বেল কুড়ানো, যেমন খুশি তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শরীফ হোসেন, আর সঞ্চালনা করেন ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক এনডিডি সেন্টারের প্রধান শিক্ষিকা মোছাঃ হোসনেয়ারা তুলি।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাহারুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তাদের বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিক পরিচর্যা পেলে তারা শিক্ষাসহ নিজেদের দক্ষতা অর্জন করতে পারবে।” তিনি ব্র্যাকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
উল্লেখ্য, ব্র্যাক এনডিডি সেন্টার ২০১৫ সাল থেকে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। এটি মূলত অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে। এই প্রকল্পের লক্ষ্য এনডিডি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক ও শিক্ষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
