পাবনার ঈশ্বরদীতে রাতের আঁধারে ১২ শতক জমিতে লাগানো বড়ই ও পেয়ারা বাগানের ১৫টি পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতি হয়েছে প্রবাশি আল আমিনের।
রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ১২ শতক বাগানের মধ্যে ১৫ টি পেয়ারা গাছের গোড়া থেকে এবং ডালপালা কেটে দিয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. আবুল কালাম এর দক্ষিণ কোরিয়া প্রবাসি ছেলে আল আমিন মুলাডুলি-রহিমপুর এলাকায় দেড় বছর আগে জমি ক্রয় করে বড়ই ও পেয়ারা বাগান করেন। গত মাসে আল আমিন একই স্থানে ফ্লাটবাড়ি সহ জায়গা ক্রয় করেন। সেই বাড়িতে তার স্ত্রী থাকেন এবং একই জমিতে নিজের তৈরি করা অপর বাড়িতে তার শশুর বসবাস করেন।
প্রবাসি আল আমিনের স্ত্রী মুনিয়া আক্তার সঙ্গীতা জানান, রোববার রাত ১২ টার দিকে আমি বাগানে গিয়েছিলাম তখনও গাছ গুলো ভালো ছিল। সকালে সূর্য ওঠার পর দেখতে পাই বাগানের ১৫টি পেয়ারা গাছ গোড়া ও ডালপালা কাটা অবস্থায় পড়ে আছে।
প্রবাসি আল আমিনের শশুর আনন্দ বলেন, এমন ঘটনা ঘটতে থাকলে আমরা এখানে বসবাস করবো কি করে? এ বিষয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করবো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
