“দুনিয়ার মজদুর এক হও” এই ঐতিহাসিক স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১ মে) ঈশ্বরদীতে পালিত হলো মহান আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
র্যালিটি সকাল ১০টায় খায়রুজ্জামান বাস টার্মিনাল থেকে শুরু হয়ে রেলগেট ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সংলগ্ন আলহাজ্ব মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। লাল ব্যানার ও লাল ফিতা পরে শতাধিক শ্রমিক এই র্যালিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে শ্রমিক নেতা মো. রেজাউল হক মুকুল বলেন, “শ্রমিকের ঘামেই দেশের চাকা ঘুরে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে শ্রমজীবী মানুষের জীবনে পরিবর্তন আসবেই।” তাঁর এই বক্তব্যে কর্মীদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, কিরন সরদার, শাহীন খান, আলতাব হোসেন, আলম হোসেন ও মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের সুরক্ষা, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি ছিল শৃঙ্খলাপূর্ণ ও ব্যাপক শ্রমিক উপস্থিতিতে উজ্জ্বল।
