ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু ক্রয় করার জন্য বিক্রেতার সাথে দরদাম করছিলেন মোটর সাইকেল চালক মফিজুল ইসলাম। এসময় দ্রæত গতির একটি কাভার্ড ভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন।
আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ি সুত্রে জানাগেছে, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।
