ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে দূর্নীতির প্রমাণ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জুলাই ২৩, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যা) অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জুলাই) দুপুরে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রোগীদের জন্য সরবরাহকৃত নিম্নমানের খাবার ও ওষুধ সরবরাহে অনিয়মসহ একাধিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার জন্য আসলেও তাদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয়।

দুদকের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। এরপর তারা ওয়ার্ড ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন করেন।

দুদক সূত্র জানায়, ভর্তি রোগীদের জন্য যে খাবার সরবরাহ করা হয়, তা নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী নয়। খাবারের মান অত্যন্ত নিম্নমানের ও অপর্যাপ্ত। এছাড়া হাসপাতালের এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকলেও কোনো রক্ষণাবেক্ষণ বা তালিকা সংরক্ষণের ব্যবস্থা নেই। সরকারি অনুদানে প্রাপ্ত যন্ত্রপাতিগুলোর হিসাব-নিকাশও যথাযথ নয় বলে জানা যায়।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের প্রাথমিক অনুসন্ধানে হাসপাতালটির অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযান শেষে দুদকের পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!