পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে মেলার উদ্বোধন এবং বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মেলার উদ্বোধন করেন এবং কৃষি ও লিচু শিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সকালে মেলার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন এ কে এম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান পিপিএম (বর), পাবনার জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামানিক, ঈশ্বরদীর ইউএনও হাসান মোঃ সোয়াইব এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক মেয়র মোঃ মোখলেছুর রহমান বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে মন্ত্রীর নিকট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঈশ্বরদী বিমানবন্দর চালু, লিচু গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লিচু ভাস্কর্য নির্মাণ, লিচু প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তোলা এবং আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন।
বক্তারা বলেন, দেশের কৃষকেরা নানা প্রতিকূলতা মোকাবিলা করে কৃষি উৎপাদন অব্যাহত রেখেছেন। বজ্রপাতে নিহত কৃষকদের জন্য বড় অংকের সরকারি অনুদানের দাবিও জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কৃষকদের সার্বিক সহায়তায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
বক্তারা আরও বলেন, ঈশ্বরদীর মাটি লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে এখানে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে লিচু উৎপাদন হচ্ছে এবং চলতি মৌসুমে প্রায় ৭০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। তাই পাঠ্যপুস্তকে লিচুর জন্য দিনাজপুরের পাশাপাশি ঈশ্বরদীর নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। একইসঙ্গে লিচু সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
