শাহজাদপুরে লোকাল বাসের যাত্রী ওঠানামা নিয়ে হেল্পারদের মাঝে তর্কের জেরে আবারও বন্ধ হয়ে গেছে পাবনার বাসগুলোর শাহজাদপুর হয়ে ঢাকা যাত্রা। শাহজাদপুরের মোটর শ্রমিক ও বাস মালিক সমিতি এবারে নীরব ভূমিকা পালন করছে।
সূত্র জানায়, দূরপাল্লার পাবনা-ঢাকা কোচ চলাচলে সরাসরি কোনও বিরোধ না থাকলেও, লোকাল বাসের যাত্রী তোলা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। শাহজাদপুর শ্রমিকরা নিজেদের এলাকায় পাবনার বাস থামিয়ে যাত্রী উঠাতে দিতে নারাজ, বরং প্রায়ই যাত্রী নামিয়ে নিজেদের বাসে তুলে নেয়। প্রতিবাদ করলেই শুরু হয় মারামারি ও হুমকি।
সাম্প্রতিক এক ঘটনায় শাহজাদপুরে একাধিক পাবনা লোকাল বাসের হেল্পারদের মারধর করা হয় এবং বাস ভাঙচুরের হুমকি দেয় শাহজাদপুরের শ্রমিকরা। ফলে পাবনার বাস মালিক সমিতি নিরাপত্তাজনিত কারণে শাহজাদপুর হয়ে বাস চালানো বন্ধ করে দেয়।
উল্লেখযোগ্য যে, অতীতে প্রতিবার এমন ঘটনার পর কিছুদিন নীরব থাকার পর পাবনার বাস মালিক সমিতিকে ক্ষমা চাইতে বাধ্য করে শাহজাদপুর পক্ষ, এবং তবেই স্বাভাবিক হয় চলাচল। এই চক্র চলতে থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বর্তমানে বিকল্প পথ হিসেবে নগরবাড়ি-কাজীরহাট-আরিচা হয়ে বা নাটোর-বনপাড়া রুট ব্যবহার করে বাস চলাচল করছে। তবে এই দীর্ঘপথে সময় ও ভাড়ার চাপ বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরা। বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও, প্রশাসন এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি।
পাবনার বাস শ্রমিকরা যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কাউন্টার থেকে বাসের গন্তব্য ও রুট সম্পর্কে নিশ্চিত হয়ে টিকিট কাটতে এবং পরিস্থিতি বুঝে ভ্রমণ করতে।
