বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে চলে গেছেন। এরপর থেকেই মানবেতর জীবন কাটাচ্ছিল পাবনার আটঘরিয়ার দুই এতিম শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুর্দশার একটি ভিডিও দেখে সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে শনিবার (১৫ মার্চ) সকালে পাবনার আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে ওই দুই শিশুর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। একইসঙ্গে মাসিক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
চার বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক। তখন তিনি রেখে যান এক শিশু সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী লাভলীকে। তবে লাভলী দ্বিতীয় সন্তান জন্ম দিয়েই সেদিনই তাদের ফেলে চলে যান এবং আর ফিরে আসেননি। এরপর থেকে দাদার অভিভাবকত্বে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল দুই শিশু।
পরিবারের এমন দুর্দশার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে তারেক রহমানের। সঙ্গে সঙ্গে তিনি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতাদের নির্দেশ দেন শিশু দুটির দায়িত্ব নিতে।
তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা নিয়ে ওই পরিবারটির সঙ্গে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া ঢাকা থেকে সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মোবাইল ফোনে পরিবারের খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাস-এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ এবং পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।
