ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় অটোর ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুলাই ২, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় সিয়াম (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে একদন্ত এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার একদন্ত ইউনিয়নের কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে সিয়াম প্রধান সড়ক পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। শিশুটির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক আলী বলেন, বিদ্যালয় ছুটির পর সড়ক পার হওয়ার সময় অটোর ধাক্কায় সিয়ামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

নবদিগন্ত ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেনের শিক্ষকেরা জানান, সিয়াম অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো ক্লাস শেষে সে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এদিকে, স্থানীয় বাসিন্দারাও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!