ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির খবর প্রকাশ করায় সংবাদকর্মীকে হত্যার হুমকি, অভিযুক্ত ঈশ্বরদী পৌর সচিব

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুন ২, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দুর্নীতির অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এনটিভি মাল্টিমিডিয়া ও দৈনিক ভোরের কাগজ পাবনা প্রতিনিধি সাংবাদিক পলাশ হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম। গত ১ জুন (রবিবার) বিকেলে সচিব তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে সাংবাদিক পলাশ হোসেন সোমবার (২ জুন) পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর–১৬১।

জিডিতে তিনি উল্লেখ করেন, অনলাইন দৈনিক ভোরের কাগজ-এ “দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ, ঈশ্বরদী পৌর সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সচিব তার ব্যক্তিগত নম্বর থেকে ফোন করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

সাংবাদিক পলাশ হোসেন জানান, হুমকির অডিও-ভিডিও প্রমাণসহ বেশ কিছু ডকুমেন্ট তিনি সংরক্ষণ করেছেন এবং তা আইন প্রয়োগকারী সংস্থার কাছে উপস্থাপন করবেন।

এ ঘটনায় তিনি পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেছেন। এছাড়া নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “পলাশ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!