ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় র‍্যাবের অভিযানে ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
মে ১৯, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলার আমিনপুর থানাধীন চক আব্দুস শুকুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর সিপিসি-২ পাবনা ও সিপিসি-১ কুষ্টিয়ার যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রাচীন ঐতিহ্যের একটি ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি।

অভিযানে মোঃ রাজু আহমেদ বাবু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজু আমিনপুর থানার কাজি শরীফপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মকছেদ শেখের পুত্র।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে ২০২৫ খ্রিঃ, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে একটি আভিযানিক দল চক আব্দুস শুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজু আহমেদের বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যেই লুকিয়ে রাখা হয়েছিল।

গ্রেফতারকৃত রাজু আহমেদকে জব্দকৃত আলামতসহ আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফারহান-উজ-জামান জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও প্রত্নসম্পদ চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি সকল নাগরিককে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!