নাটোরের লালপুরে চাঁদা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও প্রকাশ্যে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এঘটনায় একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ওই ব্যাক্তির নাম গোলাম কিবরিয়া কাজল (৪৫)। সে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলকে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মনি সরদারসহ কয়েকজন মিলে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় কাজলকে মারধর করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।
এঘটনার পর স্থানীয় লোকজন একত্রিত হতে থাকলে মনি সরদার প্রকাশ্যে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিতে কেউ আহত না হলেও এঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এঘটনায় যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত গোলাম কিবরিয়া কাজল জানান, গত বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে এসে মনি সরদার ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হুমকি দিয়ে চলে যায়।
শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে মনি সরদারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার সময় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তার পথে রোধ করে মনি সরদার ও তার লোকজন। এসময় চাঁদার টাকা না দিয়ে চেয়ারম্যানের নিকট অভিযোগ করতে আসায় মনি ও তার লোকজন তাকে মারপিট করে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, মনি সরদারের নামে লালপুর থানায় মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
