নাটোরের লালপুরে নিখোঁজের ১১দিন পর মাজেদুর ইসলাম (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকালে আব্দুলপুর দক্ষিণপাড়া নামুচরা মাঠের ফজলু ব্যাপারির ভুট্টা খেতের পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাজেদুর ইসলাম একই এলাকার ইয়াদ আলী সরদারের ছেলে ও গরুর ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায় মাজেদুর ইসলাম কবিরাজ বাড়ি থেকে এর আগেও কয়েক বার নিখোঁজ হয়ে ছিলেন। কিন্তু কয়েক দিন পর আবার বাড়িতে ফিরে আসেন। তিনি এলাকার বিভিন্ন মানুষের থেকে টাকা ঋণ করেছেন বলে লোকমুখে শুনা যায়। মাঝে মাঝে তার বাড়িতে পাওনাদার কর তার খোঁজ করতেন। তবে তিনি টাকা দিয়ে জুয়া খেলতেন। পাওনাদারদের চাপ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা।
প্রতিবেশি আলিউল ইসলাম (২২) জানান তিনি, কবিরাজি চিকিৎসা সহ গরু ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন। মাজেদুর কবিরাজ মাঝে মধ্যে বাড়ি থেকে কোথায় চলে যেতেন। আবার কিছু দিন পর ফিরে আসতেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা ধার করে জুয়া খেলতেন।
নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০) জানান গত ৯এপ্রিল বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান তার স্বামী মাজেদুর ইসলাম। কিন্তু ১০ দিন যাবৎ তিনি বাড়ি ফিরে আসেন নাই। আজ রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মাঠের মধ্যে ফজলু ব্যাপারীর ভুট্টা খেতের পাশে তার স্বামীর মৃত দেহ পরে আছে। তিনি আরো জানান গত শুক্রবার আব্দুলপুর কান্দাভিটা এলাকার টুলুর ছেলে তার স্বামীর নিকট পাওনা টাকার দাবি করে অশ্লীল ভাষায় গালাগালি ও তার স্বামী মারা গেলে তিনি কাঁদবেন কিনা প্রশ্ন করে চলে যায়। এরপর থেকে তিনি আতঙ্কে ছিলেন।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান কালবেলাকে জানান এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
