আসন্ন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম চলছে। শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আগাছা পরিষ্কার, ধোয়া-মোছা ও রঙ করার কাজ চলছে পুরোদমে।
দীর্ঘদিন ধরে শহীদ মিনারটি অরক্ষিত থাকায় এটি নানা অব্যবস্থাপনার শিকার হয়েছে। অবহেলার কারণে সেখানে আবর্জনার স্তূপ জমেছে, আগাছায় ছেয়ে গেছে, এমনকি গবাদিপশুর বিচরণও দেখা যায়। অনেক সময় এটি মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়, যা শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
একসময় শহীদ মিনার ছিল মানুষের আবেগ ও শ্রদ্ধার প্রতীক। ভোরবেলা ফজরের নামাজ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। তবে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি মানুষের আগ্রহ কমতে শুরু করেছে।
সামাজিক পরিবর্তনের ফলে এবং প্রযুক্তির প্রসারের কারণে অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তবে তরুণ প্রজন্মের দাবি, শহীদ মিনারগুলোকে সারাবছর পরিচ্ছন্ন ও সংরক্ষিত রাখা হোক, যাতে ভবিষ্যতেও এ স্থান ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিকে ধারণ করতে পারে।
