বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছিল বলে জানিয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পাবনা-সিরাজগঞ্জ-বগুড়া অঞ্চলের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) পাবনার শালগাড়িয়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, বিএনপি সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের জন্য অনুদানের ব্যবস্থা করা হয়েছিল এবং ধর্মীয় সম্প্রীতি বজায় ছিল, এমনকি পূজা ও রোজা একসঙ্গে পড়লেও কখনো কোনো সংঘাত হয়নি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম আদনান উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
পাবনার সহকারী প্রকল্প পরিচালক নিরুপম ধরের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পাঁচজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অন্যান্যদের সনদ দেওয়া হয়।
