বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব সম্মিলনে পাবনা শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
দিনের প্রথম প্রহরে পাবনা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন পাবনা জেলা বিএনপি। এরপর সকল নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রঙিন লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, তাঁতের কাপড়, কৃষকের মাথাল, কাস্তে, শ্রমিকের হাতুড়ি ও হ্যামার, রমনীদের হাতে কুলা ও ডালাসহ বাহারি সাজে সজ্জিত হয়ে নারী-পুরুষ নির্বিশেষে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় বিএনপির জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে আব্দুল হামিদ সড়ক ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদসহ সকল যুগ্ম আহ্বায়ক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাঙালির সংস্কৃতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মানবতার পক্ষে কাজ করে যাব। এ উৎসবে যেমন সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষের অংশগ্রহণ দেখা গেছে, তেমনি সকল গণতান্ত্রিক আন্দোলনেও এই ঐক্যের ধারা অব্যাহত থাকবে।

তাঁরা আরও বলেন, বৈচিত্র্যময় ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে লালন করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সকলের বাকস্বাধীনতা ও সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
এরপর দলীয় কার্যালয়ে ফিরে এসে পান্তাভাত, পেয়াজ, কাঁচা মরিচের বাঙালি খাবারে সকলে আনন্দমুখোর পরিবেশে দুপুরের ভোজের মধ্য দিয়ে বৈশাখের দলীয় আয়োজন শেষ হয়।
