ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভয়াবহ চুরি: ভল্ট ভেঙে ১২ লাখ টাকা লুট

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুন ১৯, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন) গভীর রাতে জানালার গ্রিল কেটে ব্যাংকের ভেতরে ঢুকে ভল্ট ভেঙে ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

শুধু তাই নয়, অফিসের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা এবং সংরক্ষিত হার্ডডিস্ক ভাঙচুর করে চুরির আলামত মুছে ফেলতেও তৎপর ছিল চোরেরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে অফিসে এসে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা দেখতে পান শাখা কর্মকর্তা ও কর্মচারীরা।

ব্যাংকের ম্যাসেঞ্জার রাসেল প্রামাণিক জানান, “সকালে অফিসে ঢুকেই দেখি সব তছনছ। কম্পিউটার ভাঙা, চেয়ার এলোমেলো, পাশের জানালার গ্রিল কাটা। সঙ্গে সঙ্গে বিষয়টি কর্মকর্তাদের জানাই।”

শাখার ইনচার্জ নাঈম হাসান বলেন, “আমরা এসে দেখি ভল্টে রাখা ১২ লাখ ৪৪ হাজার ১ টাকা নেই। দুর্বৃত্তরা সম্ভবত জানালার গ্রিল কেটে প্রবেশ করে। কম্পিউটারের দুটি হার্ডডিস্ক ও সিসিটিভির হার্ডডিস্ক ভেঙে নিয়ে গেছে। চেয়ারে চোরদের স্পষ্ট পায়ের ছাপও পাওয়া গেছে।”

এদিকে, ঘটনা জানার পর পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, “এটি একটি গুরুত্বপূর্ন চুরির ঘটনা। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ভল্টের চাবি ব্যবহার করে চুরি হয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি বাইরের চুরি, না কি কোনো অভ্যন্তরীণ সংশ্লিষ্টতা আছে—তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”

চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ বিরাজ করছে। দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!