পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন খাদ্য ও স্যালাইন উৎপাদনের দায়ে এডরুক ফুডকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, এডরুক ফুড অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, অননুমোদিত স্যালাইন এবং নোংরা পরিবেশে সেমাই তৈরি করছিল। এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিদিনের ন্যায় এদিনও আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

ব্রাদার্স কেমিক্যাল, নলদাহ বাজার: মিথ্যা বিজ্ঞাপন দিয়ে স্যালাইন বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।
লাজনা স্টোর (এয়ার প্লাজার দোতলা): অতিরিক্ত দামে পোশাক বিক্রি ও ভাউচার প্রদর্শনে ব্যর্থতার কারণে ১০ হাজার টাকা জরিমানা।
টাক্কুর সেমাই: অনুমোদনহীন সেমাই উৎপাদন ও “ঘি ভাজা” নামে প্রতারণামূলক পণ্য বিক্রির কারণে ৩০ হাজার টাকা জরিমানা।
বেস্ট ওয়ান: অনুমোদনহীনভাবে অতিরিক্ত দামে পোশাক বিক্রির কারণে ১০ হাজার টাকা জরিমানা।
মিউজিয়াম সু: ঈদের আগে অতিরিক্ত মূল্য ট্যাগ ব্যবহার করে জুতা বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় পাবনা সদর উপজেলায়।
এই ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চলবে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে পুলিশ, র্যাব, ক্যাব ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য ও ঔষধ উৎপাদন এবং বাজারজাত করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এ ধরনের অভিযানের প্রশংসা করেছে এবং অননুমোদিত ও ভেজাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
