টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় ছুটে এসেছে ১৩ বছর বয়সী এক কিশোরী। জানা গেছে, গত ১২ মে সাদিয়া আক্তার নামের ওই কিশোরী পাবনার সুজানগর উপজেলার সাদুল্লাপুর গ্রামের প্রেমিক রাব্বি হোসেন রুবেলের বাড়িতে চলে আসে।
সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে। তার প্রেমিক রাব্বি হোসেন রুবেল সুজানগরের সাদুল্লাপুর গ্রামের মো. আইনুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে সাদিয়া ও রাব্বির পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সাদিয়া স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পাবনায় এসে রাব্বির সঙ্গে অবস্থান নেয়। পরদিন, ১৩ মে, তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে বলে দাবি করে। তবে কাজী মো. আবু হানিফাহ্ জানিয়েছেন, তাদের প্রদর্শিত কাবিননামা ভুয়া।
১৩ মে ঘটনাটি জানাজানি হলে ১৪ মে সাদিয়ার পরিবারের সদস্যরা পাবনায় এসে হাজির হন। এ সময় রাব্বির বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রেমিক যুগল পালিয়ে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, সাদিয়া ও রাব্বি দুজনই অপ্রাপ্তবয়স্ক। উদ্ধার করা কিশোরীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
