নাটোরের লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমের প্রচার-প্রসার এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইউএনও মো. বরকত উল্লাহ বলেন, মাদক নির্মূল, ইমো হ্যাকিং প্রতিরোধ, ভেজালবিরোধী অভিযান, লালপুর ত্রিমোহিনী চত্বরে যানজট নিরসন এবং উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া পদ্মা তীরবর্তী এলাকায় ‘আই লাভ’ পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইমাম হাসান মুক্তি, এ কে আজাদ সেন্টু, মোজাম্মেল হক, সালাউদ্দিন, আব্দুল মোতালেব রায়হান, শাহ আলম সেলিম, আল আমিনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ইউএনও মো. বরকত উল্লাহ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন।”
তিনি কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনসেবাসংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৭ মে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ লালপুর উপজেলায় যোগদান করেন।
