পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে রূপপুর ফুড মার্কেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ২৪ জুন অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব ও শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসা এ দুই নেতাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব অভিযোগ আনা হয়েছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি শাহানুজ্জামান সেনা, আলমসহ কয়েকজনকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের বিকল্প নেই।
মানববন্ধন থেকে আলমকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে তার মুক্তির আহ্বান জানানো হয়। একই সঙ্গে শাহানুজ্জামান সেনাসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে হবে।
