পাবনার ঈশ্বরদীতে পৃথক পৃথক অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ০৪ টি মটরসাইকেলও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানা কর্তৃপক্ষ। প্রেস রিলিজে বলা হয় ০৯ মার্চ ঈশ্বরদীর মিরকামারী জগন্নাথপুর ও মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনায় ধারা-৩৭৯ পেনাল কোড অনুযায়ী ০৯ মার্চ ২০২৫ তারিখে একটি চুরি মামলা রজু হয়, যাহার নং-৩৫। যাহার প্রেক্ষিতে অফিসার ইনচার্জ ঈশ্বরদী খানার নেতৃত্বে ঈশ্বরদী থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৪ টি চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পূর্নকলস উত্তরপাড়া গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মো. রিদয় মোল্লা (২৩), নাটোর জেলার সিংড়া থানার মাহমুদপুর গ্রামের মো. সামজাদ ফকিরের ছেলে মো. আরমান ফকির (৩৮) এবং পাবনা সদর থানার বাহাদুপুর এলাকার মো.আব্দুস সালাম এর ছেলে মো. রাজিব হোসেন (৩১) ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা আছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংঘবদ্ধ মটরসাইকেল চোরের সক্রিয় সদস্যদের গ্রেফতার এবং ঈশ্বরদী থানা এলাকায় মটরসাইকেল চুরির ঘটনা রোধকল্পে পুলিশ সুপার পাবনা মহোদয়ের সার্বিক সহায়তায় ঈশ্বরদী থানা পুলিশ অত্যন্ত তৎপর এবং সংকল্পবদ্ধ। মটরসাইকেল চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।
