ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
এপ্রিল ১৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঈশ্বরদী থানাধীন কোবা মসজিদের পাশে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান রাজু আহমেদ (২৯), পিতা মো. নজরুল ইসলাম, সাং মধ্য অরণকোলা, নবাব আলীবর্দি রোড, ঈশ্বরদী। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখতে পান, তার লাল-কালো রঙের হোন্ডা সিবি হরনেট ১৫০ সিসি মোটরসাইকেলটি সেখানে নেই।

ঘটনার পর ঈশ্বরদী থানায় একটি মামলা (নম্বর-৩১, তারিখ-১৩/০৪/২০২৫, ধারা-৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়। মামলাটির তদন্তে নেমে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দাশুরিয়া সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য ইমন আলী (১৫), পিতা- মো. হাতেম আলী, সাং অনন্ত (দক্ষিণ রামচন্দ্রপুর), থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যে রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দেবিপুর গ্রামের সারপুকুর বাউরি এলাকায় একটি ঝোপের ভেতর থেকে চুরি যাওয়া হোন্ডা হরনেট মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল।

পরে ইমনের স্বীকারোক্তির ভিত্তিতে বভাংগুরা থানার বেতবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় চোর চক্রের আরেক সদস্য সামীম (২৮), পিতা মো. চাঁদ আলী। তার দেওয়া তথ্যে ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়নের তেতুলতলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় নীল রঙের আরও একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল।

পরবর্তী পর্যায়ে ধৃত আসামিদের দেওয়া তথ্যে আজমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৪১), পিতা- জাবেদ আলী-কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত এক মাসে ঈশ্বরদী থানা পুলিশ মোট ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!