পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১:৩০ টায় কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দাশুড়িয়া বাজারের মহাসড়ক ঘুরে কলেজ প্রাঙ্গনে এসে শিক্ষার্থীরা ও শিক্ষকরা সমাবেশে মিলিত হয়।
এসময় অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও শিক্ষার্থীদের বিভিন্ন হয়রানির প্রতিবাদে দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। কলেজের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্টসহ শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষ যেসব অন্যায়-অবিচার ও বিমাতাসুলভ আচরণ করেছেন তার প্রতিবাদ জানিয়ে দ্রুত পদত্যাগের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

এ ছাড়াও সমাবেশে বক্তব্য দেন দাশুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ক্যানেডি মালিথা। তিনি অভিযোগ করে বলেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম দলীয় প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ভুয়া ভাউচার, ছাত্রলীগের ছাত্রসংসদ তৈরি, তাদেরকে মদদ দেওয়া, টিউশন ফি, চাঁদাবাজি, জমি ক্রয় করে মূল্য বেশি দেখানো, অবৈধ বিল ভাউচার, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের নামে কলেজের অর্থ লুট, নিয়োগ বাণিজ্য বিভিন্ন অপকর্মের সহিত জড়িত এই অধ্যক্ষ। কিছু অসাধু শিক্ষক কর্মচারী দের সহায়তায় অধ্যক্ষ শহিদুল তার অপকর্ম চালিয়ে গেছেন। অপরদিকে ভিন্ন মতের শিক্ষকদের একপেশি করে রাখতেন তিনি।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল রহিম বাবু বলেন, পূর্ববর্তী দায়িত্বশীলরা আমাদের জন্য ভালো কিছু করেনি, নানা অসুবিধা সৃষ্টি করেছে। আমরা এটা থেকে বের হতে চাই। সারাদেশে যেমন ছাত্র সমাজের আন্দোলন চলছে আমি মনে করি দাশুড়িয়া ডিগ্রী কলেজে বর্তমান যে আন্দোলন চলছে তারই অংশ।
উল্লেখ্য গতকালও কলেজের অধ্যক্ষের পদত্যাগ ও গভর্নিং বডি বাতিলের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও উক্ত কলেজের ছাত্র ছাত্রীরা।
