পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার, ছয় রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা’র তত্ত্বাবধানে ওসি, ডিবি মো. হাসান বাসিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আফজাল হোসেন (৩৮), তিনি পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের বিলকোলা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
