জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে আনা হামলা ও ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছলিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মইনুল ইসলাম সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় হাবিবের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগকারী পক্ষের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ও তার অনুসারী দুলাল সরদারসহ কয়েকজনের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দাবি করা ফজলুর রহমানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিদ্যালয় পরিচালনা কমিটির গঠন, সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট কাগজপত্র জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচির কোনো উল্লেখ ছিল না। এছাড়া অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিদ্যালয়ের ঘটনাটি মূলত অনুষ্ঠানে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মইনুল ইসলাম সরদার এবং বিএনপি নেতা আলম প্রামাণিকের বিরুদ্ধে আনা অভিযোগেরও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত সম্পাদক ওহিদুল ইসলাম মেম্বার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম প্রামানিক, সদস্য সচিব সামসুল, ৭ নং ওয়ার্ড সভাপতি শরীফ ইসলাম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
